ফরিদপুরে হাজতির মৃত্যু নিয়ে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যু কারাগারে হয়েছে, না ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে, এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

মারা যাওয়া ওই হাজতির নাম দুলাল কারীকর (৫৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের মৌলভীর চর এলাকার আদা কারীকরের ছেলে।

ফরিদপুরের জেল সুপার মো. তায়েফ উদ্দীন আজ বেলা সোয়া দুটার দিকে প্রথম আলোকে বলেন, দুলাল কারীকর একটি প্রতারণা মামলার আসামি হয়ে হাজতি হিসেবে গত ১৪ ডিসেম্বর ফরিদপুর কারাগারে আসেন। তিনি হাঁপানিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট শুরু হলে গত ১৭ ডিসেম্বর তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেল সুপার আরও বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্ত করে মরদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাজতি দুলালের যে মৃত্যুসনদ দেওয়া হয়েছে, তাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) স্থলে স্বাক্ষর করেছেন ওয়ার্ড মাস্টার মো. আতিয়ার রহমান। ওই সনদে ওপরে ‘ব্রট ডেড’ শব্দ দুটি লেখা রয়েছে। তবে ওই সনদে তিনি কবে ভর্তি হয়েছিলেন, সে কথা লেখা ছিল না।

এ ব্যাপারে জানতে চাইলে মৃত্যু সনদে স্বাক্ষরকারী ওয়ার্ড মাস্টার মো. আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, দুলাল কারীকরকে আজ বেলা সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় জেলা কারাগার থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি বলেন, ভর্তির হওয়া কোনো রোগী মারা গেলে তাঁর মৃত্যুসনদে ভর্তির তারিখ উল্লেখ করা হয়। আর মৃত অবস্থায় কাউকে আনা হলে তাঁর ক্ষেত্রে ‘ব্রট ডেড’ শব্দ দুটি ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে সে নীতিমালাই অনুসরণ করা হয়েছে।