১৪ বছর পর বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

প্রায় ১৪ বছর পর নুরুল আমিনকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্যসচিব আকতার হোসেন এ কমিটি অনুমোদন দেন। আগামী দুই মাসের জন্য সাতজন যুগ্ম আহ্বায়কসহ ৩৫ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১২ জুলাই সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল। ওই দিন নগরের একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভা শেষে ১৪ বছর আগে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ওই সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন বলেছিলেন, সদর উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়নি। নাজিম উদ্দিন আলমের নেতৃত্বাধীন সাংগঠনিক কমিটি আপাতত দায়িত্ব পালন করবে। সাংগঠনিক কমিটি তৃণমূলের মতামত নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করবে।

২০০৯ সালে কাজী এনায়েত হোসেনকে সভাপতি ও শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা বিএনপির কমিটি হয়েছিল। এরপর শামীম হাওলাদার কয়েক বছর আগে মারা গেলে আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

সদর উপজেলা সংসদীয় আসন বরিশাল-৫-এর অন্তর্ভুক্ত। এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি প্রায় ২০ বছর ধরে মহানগর বিএনপির সভাপতি ছিলেন। গত বছরের ৩ নভেম্বর মজিবর রহমানকে বাদ দিয়ে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। এর পর থেকে স্থানীয় রাজনীতিতে একক আধিপত্য হারান মজিবর রহমান।