অটোরিকশা থেকে সড়কে নামতেই মাইক্রোবাসের ধাক্কা, নানি–নাতনির মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অটোরকিশা থেকে সড়কে নামার পরপরই মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদীঘি কোনপাড়া এলাকার মোছা. বেগম (৫৫) ও তাঁর নাতনি আয়েশা আক্তার (৫)। মোছা. বেগম বড়দাপ গোয়ালদীঘি কোনপাড়া এলাকার দুলাল উদ্দিনের স্ত্রী। আয়েশা আক্তার একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাহেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী উপজেলা শহরের ফকিরগঞ্জ বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন মোছা. বেগম ও তাঁর নাতনি আয়েশা আক্তার। বাড়ির কাছাকাছি গিয়ে বড়দাপ গোয়ালদীঘি এলাকায় আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে দুজনই অটোরিকশা থেকে ডান পাশে সড়কে নামেন। এ সময় পেছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাইক্রোবাস তাঁদের ধাক্কা দেয়। এতে নানি-নাতনি দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নানি-নাতনি দুজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথেই নানি-নাতনি দুজনেরই মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।