কাভার্ড ভ্যানের চাপায় সড়কে প্রাণ গেল ট্রাকচালকের
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার জামালদী এলাকার মেঘনা সেতুর ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া চালকের নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আহত ট্রাকচালকের সহকারীর নাম জাকির হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন ট্রাকচালক শহিদুল ইসলাম। আজ সকালে মেঘনা সেতুর ঢালে এলে ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের চেষ্টা করছিলেন চালক শহিদুল ও তাঁর সহকারী জাকির। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুল মারা যান।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, নিহত ট্রাকচালকের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আহত ট্রাকচালকের সহকারী জাকির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান ও ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।