কুড়িগ্রামে মিছিল থেকে ফেরার পথে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিল থেকে ফেরার পথে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও আটক দলীয় নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে তাঁদের আটক করা হয়। জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।

আটক চারজন হলেন কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের শিবিরকর্মী জাবিউর রহমান (২২), ভোগডাঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম (৪৯), ভোগডাঙ্গা ইউনিয়ন জামায়াতের যুববিষয়ক সম্পাদক নুরুল ইসলাম (৪৭) ও ঘোগাদহ ইউনিয়ন জামায়াতের কর্মী সামছুল হক (৩৫)।

জেলা জামায়াত ইসলামী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার সময় জেলা শহরের পশুর মোড় থেকে জামায়াত নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ ঘর মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত পথসভা করা হয়। এতে জেলা ও উপজেলা থেকে জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। সেখানে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক আবদুল হামিদ মিয়া, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইয়াছিন আলী সরকার, শহর জামায়াতের আমির আবদুস সবুর খান, জেলা শিবিরের সভাপতি মোকসেদুল হক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ‘আমরা জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে আমাদের ভোগডাঙ্গা ইউনিয়ন ও ঘোগাদহ ইউনিয়নের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, আজ কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড় এলাকা থেকে জামায়াত-শিবিরের চার নেতা–কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের নামে আগের নাশকতা মামলা ছিল। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।