হলে পরীক্ষার্থী ছিলেন একজন, তিনিও হলেন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলে পরীক্ষার্থী ছিলেন একজন, তিনি ব্যস্ত নকল করা নিয়ে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় অংশ নিচ্ছিলেন ওই পরীক্ষার্থী। ইতিহাস বিষয়ে পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু তাঁর নকল করার বিষয়টি ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তাৎক্ষণিক বহিষ্কার করেন ওই পরীক্ষার্থীকে। ফলে ফাঁকা হয়ে যায় পরীক্ষাকক্ষ।

পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকও সবকিছু গুছিয়ে হল ছেড়ে যান। গতকাল শনিবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষকদের সূত্রে জানা গেছে, বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ পরীক্ষা চলছে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ও ঝিনাইদহ কলেজ কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার কেসি কলেজে একজন শিক্ষার্থী বিএ পরীক্ষা দিচ্ছিলেন। সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষাকেন্দ্রে আসেন জেলা প্রশাসকের দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তিনি কেন্দ্রে প্রবেশ করেই ওই শিক্ষার্থীর হাতে নকল দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, কেসি কলেজ কেন্দ্রে একজনই পরীক্ষার্থী ছিলেন। নকল করার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আসছেন, এমন খবর পরীক্ষার্থীদের দেওয়ার অভিযোগে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।