ঈদের আগে পাটকলশ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি
বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সব শ্রমিকের বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি। ঈদের আগে ওই পাওনা পরিশোধসহ ছয় দফা দাবিতে খুলনায় পাটকলশ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজঘাট এলাকায় অবস্থিত জেজেআই জুট মিলের সামনে ওই সমাবেশের আয়োজন করে ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’ নামের একটি সংগঠন।
পাটকলশ্রমিকদের অন্য দাবিগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করাসহ শাস্তি দেওয়া ও ব্যক্তিমালিকানাধীন পাটকলশ্রমিকদের চাকরি স্থায়ী করে তাঁদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন বাস্তবায়ন এবং সময়ের চাহিদা বিবেচনা করে পাট থেকে বহুমুখী পণ্য উৎপাদনের জন্য গবেষণা খাতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া, বিজেএমসির মাথাভারী প্রশাসন থেকে অতিরিক্ত জনবল ছাঁটাই এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অযাচিত খবরদারি বন্ধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল পরিচালনা সংস্থাটিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা এবং পাট রক্ষা আন্দোলনের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা।
সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালের ২ জুলাই বর্তমান সরকার ২৬টি পাটকল বন্ধ করে দেয়। পাটকল বন্ধের দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও অদ্যাবধি অনেক শ্রমিক তাঁদের বকেয়া পাওনা পাননি। খুলনার খালিশপুর ও দৌলতপুর জুটমিল, সিরাজগঞ্জের জাতীয় জুটমিল এবং চট্টগ্রামের কেএফডি এবং আর আর জুটমিলের শ্রমিকেরা এখনো বকেয়া কোনো টাকা পায়নি। এ ছাড়া বিভিন্ন পাটকলের শ্রমিকেরা যাঁদের মামলা আছে, তাঁদের দ্রুত মামলা নিষ্পত্তি করে বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না। অনেকে সঞ্চয়পত্রের টাকা এখনো পায়নি। ফলে শ্রমিকেরা নিদারুণ কষ্ট, যন্ত্রণা ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে জীবনযাপন ব্যয় অত্যধিক বৃদ্ধি পাওয়ায় কর্মহীন এবং বকেয়া পাওনা থেকে বঞ্চিত শ্রমিকেরা তাঁদের পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। রমজান মাসের অর্ধেক রোজা চলমান এবং ঈদ আসন্ন। এমতাবস্থায় ঈদের আগে সব শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ এবং সঞ্চয়পত্রের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। আর তা না হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক। এটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা, বিশেষ বক্তা ছিলেন সদস্যসচিব এস এ রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি মনোজ দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা মো. মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী, ফুলতলা উপজেলা আহ্বায়ক মো. অলিয়ার রহমান প্রমুখ।