হালুয়াঘাটে বন্য হাতি তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে আমনের ফসল রক্ষা করতে পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী কোচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম (৩৫) নামের ওই কৃষকের বাড়ি ইউনিয়নের কড়াইতলী গ্রামে।
বন বিভাগ, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক ধরে ৩০ থেকে ৪০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী পাহাড়ে অবস্থান করছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতির পাল খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে নেমে আসে। এ সময় সেগুলো আমন ধানের খেতে হানা দেয় ও পা দিয়ে মাড়িয়ে ফসল নষ্ট করে। সে জন্য ফসল রক্ষা করতে কড়ইতলা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম আমনের খেতে পাশে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক তার দিয়ে হাতিকে শক দেওয়ার ব্যবস্থা করেন। গতকাল সন্ধ্যায় সেই ফাঁদে পড়ে একটি হাতি শক খেয়ে দৌড় দিলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। পরে সেই তার সংযোগ দিতে গিয়ে জাহাঙ্গীর বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সুরুজ মিঞা প্রথম আলোকে বলেন, বন্য হাতির তাণ্ডবে পাহাড়ি এলাকার কৃষকেরা ফসল রক্ষা করতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে। ফসল বাঁচাতে হাতি তাড়াতে বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। ফসল রক্ষায় হাতি প্রতিরোধে সরকারিভাবে পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে পড়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, সীমান্ত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী কড়ইতলী পাহাড়ের ঢালে ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নওশেদ আলী (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়।