এনএসআই কর্মকর্তা পরিচয়ে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. ফখরুদ্দিনছবি: স্থানীয় সেনাক্যাম্পের সৌজন্যে

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম মো. ফখরুদ্দিন (৩৫)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়িতেই ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করেন। একপর্যায়ে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় যৌথ বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। এরপর যৌথ বাহিনীর একটি দল ফখরুদ্দিনকে গ্রেপ্তার করে। ফখরুদ্দিনের মানিব্যাগে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি পাওয়া যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর নামে থানায় মামলা হয়েছে। আজ রোববার তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।’