মাল্টা চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
চট্টগ্রামের আনোয়ারায় মাল্টা চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নারীর নাম নুর সেহের (৫০)। তিনি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নুরপাড়া এলাকার নুর সেহেরদের বাড়ির গাছ থেকে মাল্টা চুরির ঘটনা ঘটে। ওই মাল্টা চুরির অভিযোগে ২ এপ্রিল একই বাড়ির ১০ বছর ও ১৫ বছরের দুই শিশু বেধড়ক মারধর এবং মুঠোফোনে ভিডিও করেন নুর সেহের। এ ঘটনায় গতকাল রাতে নুর সেহেরের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন ওই শিশুদের এক অভিভাবক। মামলার বাদী নির্যাতনের শিকার এক শিশুর বড় ভাই ও আরেক শিশুর মামা।
মামলার বাদী বলেন, ঘটনাটি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু নুর সেহেররা সালিস বৈঠকে না আসায় থানায় মামলা করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান বলেন, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলার আসামি নুর সেহেরকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।