পাটগ্রামে বিএনপির কার্যালয় ভাঙচুর, মিছিলে পুলিশের বাধা
লালমনিরহাটের পাটগ্রামে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির বিক্ষোভ মিছিল ভণ্ডুল করতে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে বিএনপির নেতা–কর্মীরা অভিযোগ করেছেন। বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগও তুলছেন বিএনপির নেতা–কর্মীরা। জ্বালানি তেল, গ্যাস ও পরিবহনের ভাড়াসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে দুই নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বের করে তারা।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার দিকে পাটগ্রাম পৌরসভার পূর্ব চৌরাস্তা মোড়ের সামনে স্থানীয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির নেতা হাসান রাজীব প্রধানের নেতৃত্বে থানাপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে যাওয়ার পথে থানা মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে ওই সড়কেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব।
এর আগে কর্মসূচি ভণ্ডুল করতে স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার–টেবিল ভাঙচুর করেছে বলে দাবি করেছেন যুবদল ও ছাত্রদলের একদল নেতা–কর্মী। এ সময় বিএনপির তিন নেতা–কর্মী আহত হন। তাঁরা হলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাবিউল ইসলাম।
সরেজমিনে দেখা দেখা যায়, চেয়ার–টেবিল, সাইনবোর্ড ভাঙচুর করে সড়কে ফেলে রাখা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, ছাত্রলীগ ও যুবলীগের একটি দল মিছিল করে এসে বিএনপির কার্যালয়ে পাঁচ–ছয় মিনিট ধরে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
হাসান রাজীব প্রধান বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা হেলমেট পরে দেশি অস্ত্রসহ আক্রমণ করেন এবং বিএনপি নেতা–কর্মীদের বাধা দিয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর চালান। তাঁদের মারধরে তিনজন আহত হন।
তবে পুলিশ বলছে, সহিংসতা এড়ানোর জন্য পাটগ্রাম পৌর ও উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতে বাধা দেওয়া হয়নি। আর বিএনপি কার্যালয়ের ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ-আল মামুন। তিনি বলেন, পৌর বাজারের ব্যবসায়ীদের জানমালের হেফাজতের রক্ষার্থে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।