যত্রতত্র ফেলা হয় ময়লা, দুর্গন্ধে ভোগান্তি 

দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি বাড়ছে মশা-মাছির উপদ্রব। ভোগান্তিতে রয়েছেন পৌরসভার বাসিন্দারা। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাস্টবিন না থাকায় রাস্তায় ফেলা হয়েছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। গত মঙ্গলবার পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকায়
ছবি: প্রথম আলো

পঞ্চগড় পৌরসভায় বর্জ্য ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত আস্তাকুঁড় (ডাস্টবিন) নেই। ফলে বিভিন্ন পাড়া-মহল্লায় যত্রতত্র বর্জ্য ফেলছেন বাসিন্দারা। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি বাড়ছে মশা-মাছির উপদ্রব। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে রয়েছেন পৌরসভার বাসিন্দারা। 

পৌরসভা কর্তৃপক্ষের দাবি, বেশ কিছু এলাকায় ডাস্টবিন রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় ডাস্টবিন স্থাপনের চেষ্টা চলছে। অনেকে ক্ষেত্রে জায়গার অভাবে স্থাপন করা যায়নি। এ ছাড়া বাসিন্দারা অনেক সময় পয়োনিষ্কাশন নালায় (ড্রেনে) ময়লা-আবর্জনা ফেলায় নালা বন্ধ হয়ে যায়। সমস্যা নিরসনে দ্রুত ভ্রাম্যমাণ ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।

লোকজন কিছুক্ষণ পরপর এসে ময়লা ফেলে চলে যান। এখানে দুর্গন্ধে টেকা দায়। মশা-মাছিরও অত্যাচার খুব।
আইবুল হক, নতুনবস্তি এলাকায় লন্ড্রির মালিক

পঞ্চগড় পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিত কর প্রদানকারী পরিবারের সংখ্যা প্রায় ১০ হাজার। লোকসংখ্যা প্রায় ৫০ হাজার। গড় হিসাবে প্রতিটি পরিবার থেকে প্রতিদিন দুই কেজি পরিমাণ বর্জ্য তৈরি হয়। এর বাইরে একটি আধুনিক সদর হাসপাতাল, একটি মা ও শিশু কল্যাণকেন্দ্র, নয়টি ক্লিনিক, একটি কাঁচাবাজার; স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের দপ্তর থেকে প্রতিদিন প্রচুর ময়লা-আবর্জনা তৈরি হয়। প্রতিদিন চারটি গাড়ি এলাকা ভাগ করে বিভিন্ন স্থান থেকে থেকে বর্জ্য সংগ্রহ করে।

শহরে প্রতিদিনের বর্জ্য নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ডাস্টবিন নেই। কিছু এলাকায় পুরোনো ডাস্টবিন থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। এতে শহরবাসী যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। সরেজমিনে দেখা যায়, শহরের ইসলামাবাগ, কামাতপাড়া, কায়েতপাড়া, ডোকরোপাড়া, মসজিদপাড়া নতুনবস্তিসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে খোলা জায়গায় ময়লা ফেলছেন। মুরগি ও ছাগল খাবার খুঁজতে গিয়ে এলোমেলো করে রাস্তার ওপর ময়লা ছড়িয়ে-ছিটিয়ে দিচ্ছে। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। 

এ ছাড়া জেলা শহরের পূর্ব জালাসী এলাকায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত পয়োনিষ্কাশন কেন্দ্রটি চালু হয়নি। সেখানে সড়কের ধারে পুকুরে ময়লা স্তূপ করে রাখা হয়েছে। সেখান থেকেও দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েতপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, এখানে নির্দিষ্ট কোনো ডাস্টবিন নেই। লোকজন বাড়ির সামনে আরেকজনের পড়ে থাকা ফাঁকা জমিতে ময়লা ফেলেন। এ জন্য এখানে দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বেশি। অনেকবার বলেও পৌর কর্তৃপক্ষ ডাস্টবিন স্থাপন করেনি। 

ইসলামবাগ এলাকার বাসিন্দা কলেজ শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, ‘একটা পৌরসভার সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিষ্কাশনব্যবস্থা। এখন পৌরসভার ডাস্টবিন করতে জায়গা পাওয়াটাও বড় বিষয়। ডাস্টবিন না থাকায় বেশির ভাগ লোকই বাইরে ময়লা ফেলে চলে যান। তবে যদি আমাদের এসব এলাকায় ভ্রাম্যমাণ ডাস্টবিন দেওয়া হয় এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন নিয়ে যাওয়া, তাহলে হয়তো অনেকটা পরিষ্কার থাকবে। কিন্তু এখান থেকে তো ময়লা নেওয়া হয় ৮-১০ দিন পরপর।’  

নতুনবস্তি এলাকার সীমান্ত লন্ড্রির মালিক আইবুল হক বলেন, ‘আমার দোকানটা পঞ্চগড় প্রেসক্লাব-সংলগ্ন। এখানে কোনো ডাস্টবিন নেই। তারপরও আমার দোকানের সামনেই এই এলাকার ৫০-৬০টি পরিবারের লোকজন কিছুক্ষণ পরপর এসে ময়লা ফেলে চলে যান। এখানে দুর্গন্ধে টেকা দায়। মশা-মাছিরও অত্যাচার খুব।’

পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, ডাস্টবিন স্থাপনের স্থান নির্ধারণ করতে গিয়ে বাসিন্দাদের বাধায় নানান রকমের ঝামেলার সৃষ্টি হয়। তবে আশার কথা হলো, নগর উন্নয়ন প্রকল্প থেকে ইতিমধ্যে প্লাস্টিকের তৈরি ২০ লিটারের ৪ হাজার এবং ১২০ লিটারের ৩০০টি ভ্রাম্যমাণ ডাস্টবিন পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন অফিসে ১২০ লিটারের ১৩০টি ভ্রাম্যমাণ ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি পরিবারে দুটি করে ২০ লিটারের ডাস্টবিন এক মাসের মধ্যে বিতরণ করা হবে। একটিতে পচনশীল এবং অন্যটিতে অপচনশীল ময়লা রাখতে হবে।