সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ
লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় সার পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন তাঁরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এই অবরোধ করা হয়। এতে পারুলিয়া বাজার এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সারের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
সারের দাবিতে আন্দোলনরত স্থানীয় কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার পরিবেশক কালোবাজারে সার বিক্রি করেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করায় সাধারণ কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না।
কৃষকেরা জানান, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় সার পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে। দীর্ঘদিন ঘুরেও সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা বাধ্য হয়ে মহাসড়কে নেমে অবরোধ করেন।
অবরোধে অংশ নেওয়া এক কৃষক বলেন, তাঁদের জমিতে বর্তমানে ধান চাষ করা হয়েছে। এখন আলু, ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষের সময়। সারের অভাবে চারদিকে হাহাকার পড়ে গেছে। ডিলারের কাছে গেলে বলে, ‘সার আসবে, সার আসবে। ধৈর্য ধরো।’ কিন্তু সার আর আসে না।
কৃষকদের দাবি, সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারে সার বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র বলেন, আন্দোলনরত কৃষকদের জানানো হয়েছে সারের কোনো সংকট নেই। প্রকৃত কৃষকেরা সার পাবেন। এরপরও কোনো পরিবেশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, কৃষকদের কার্ড সংগ্রহ করে তাঁদের সার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর তাঁরা সড়ক ছেড়ে চলে যান।