কালিয়াকৈরে পিকআপে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৫ যাত্রী
টাঙ্গাইল থেকে ১৫ থেকে ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ গাজীপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ আগুন ধরে যায় পিকআপটির ইঞ্জিনে। এ সময় পিকআপটি থামিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে অল্পের জন্য রক্ষা পান। ঘটনাটি ঘটেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আজ বুধবার ভোর পাঁচটার দিকে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, একটি পিকআপ গতকাল মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে পিকআপটি উপজেলার খাড়াজোড়া রেলওভারব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। পিকআপচালক বিষয়টি টের পেয়ে গাড়ি থামিয়ে দিলে পেছনে ও চালকের পাশে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে টহল পুলিশ পিকআপটি জব্দ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক আতাউর রহমান বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।