নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের যাবজ্জীবন
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। আদালত জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. শাহজালাল মাহমুদ ওরফে জুয়েল (২২)। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাঁচতিরাইল গ্রামের নুরুল সরকারের ছেলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ছাত্র।
দশম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় আসামি মো. শাহজালাল মাহমুদ তাঁকে অপহরণ করেন। ১২ দিন পর পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।
রায় ঘোষণার সময় জামিনে মুক্ত আসামি মো. শাহজালাল মাহমুদ পলাতক থাকায় তাঁর অনুপস্থিতেই রায় ঘোষণা করা হয়। আসামি যেদিন গ্রেপ্তার হবেন, সেই দিন থেকে দণ্ড কার্যকর হবে রায়ে বলেও উল্লেখ করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ এপ্রিল সকাল ১০টায় সিংড়ার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় আসামি মো. শাহজালাল মাহমুদ তাঁকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সিংড়া থানায় তাঁর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। ১২ দিন পর পুলিশ ওই ছাত্রীকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করে। পরে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ হাজতবাস শেষে আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেন। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ রায় ঘোষণা করেন।