সীতাকুণ্ডে আওয়ামী লীগের সভাপতির বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। কিন্তু তিনি পাননি। মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।

আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মনোনয়ন না পাওয়ায় সান্ত্বনা দেওয়ার জন্য গতকাল বিকেল থেকে অনুসারী ও নেতা-কর্মীরা তাঁর বাড়িতে ভিড় করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরভর্তি মানুষজন সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে তিনি পুলিশকে ফোন করেন।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পাঠিয়েছেন। অপরাধীদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।