ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ভোলার প্রায় দুই লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে প্রবল বেগে বাতাস শুরু হলে মফিজুলের বাড়ির চালের ওপর গাছের ডাল ভেঙে পড়ে
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় প্রায় পাঁচ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গাছচাপা পড়ে ও পানিতে ডুবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার প্রায় দুই লাখ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত বলে জেলা ত্রাণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেন।

দেলোয়ার হোসেন বলেন, জেলার চারটি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। প্রাথমিক হিসেবে প্রায় দুই লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ হাজার ৮৯০টি বাড়ি আংশিক ও ১ হাজার ৪৩৩টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের সময় চারজন মারা গেছেন। চূড়ান্ত তালিকায় ক্ষতির পরিমাণ কম–বেশি হতে পারে।

আরও পড়ুন

জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৫০০টি বাড়ি আংশিক ও ১৬০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঘরচাপা পড়ে একজন মারা গেছেন। দৌলতখান উপজেলায় ২৬৯টি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫১টি বাড়ি। এই উপজেলায় গাছচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। চরফ্যাশন উপজেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ২৭২টি বাড়ি ও ৫০২টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ উপজেলায় গাছচাপায় একজন মারা গেছেন। মনপুরা উপজেলার ৫০০টি বাড়ি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩০১টি বাড়ি। এ ছাড়া বোরহানউদ্দিন উপজেলায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১ হাজার ৩৫০টি ঘর আংশিক ও ৪২০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া লালমোহন উপজেলায় পানিতে ডুবে একজন মারা গেছেন।

এদিকে ভোলার সাগর মোহনার ইউনিয়নগুলোতে গতকাল রাতে জোয়ারের সময় প্রায় ১০ ফুট পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাবে, জোয়ারের উচ্চতা ছিল প্রায় পাঁচ মিটার। অনেক এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছিল। আজ ভোর নাগাদ অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। তবে লালমোহন, মনপুরাসহ বিচ্ছিন্ন চরাঞ্চলের কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা আছে।

ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, রাতে জোয়ারের উচ্চতা ছিল প্রায় ৫ মিটার, যা ৯ ফুটের কাছাকাছি। তবে ডিভিশন-১–এর বাঁধের কোনো ক্ষতি হয়নি।

চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে গতকাল রাতে ৩০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন
ছবি: প্রথম আলো

আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছে মানুষ

সিত্রাং–আতঙ্কে আশ্রয়কেন্দ্রে সারা রাত কাটানোর পর জেলার বিভিন্ন এলাকার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। আজ সকাল ছয়টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩৬ নম্বর ধনিয়া সরকারি প্রাথমিক কাম সাইক্লোন শেল্টারে গিয়ে দেখা যায়, আশ্রয় নেওয়া অধিকাংশ মানুষ বাড়ি ফিরে গেছে।

আশ্রয়কেন্দ্রে আমিরুন্নেছা (৭০) বলেন, রাতের বেলা তিনি নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। সকালে বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে বৃষ্টির পানিতে বাড়ি তলিয়ে আছে বলে তিনি শুনেছেন।

ওই বিদ্যালয়ের অফিস সহকারী মো. মাকসুদুর রহমান বলেন, গতকাল রাতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বাড়লে লোকজন কেন্দ্রে আসতে শুরু করে। রাত ১০টা নাগাদ প্রায় ৫০০ মানুষ এখানে আশ্রয় নিয়েছিল। রাতে তাদের শুকনা খাবার দেওয়া হয়। তবে ভোরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সবাই বাড়ি চলে গেছে।

এদিকে সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় খাবারের সংকট ছিল। প্রশাসনের কর্মকর্তারাও খোঁজখবর নেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের উত্তর গঙ্গাকির্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, আশ্রয়কেন্দ্রে প্রশাসনের কোনো লোকজন ছিলেন না। রাতে খাবার দেওয়া হয়নি। পরে নিজের টাকায় তিনি খাবার কিনে দিয়েছেন। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় আশ্রয় নেওয়া মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে।

চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, এই ইউনিয়নে কোনো সাইক্লোন শেল্টার নেই। রাত ১০টার দিকে পুলিশ ফাঁড়ি, কোস্ট ফাউন্ডেশন ও বন বিভাগের ভবনে সহস্রাধিক মানুষ গাদাগাদি করে রাত কাটিয়েছে। তাদেরকে রাতে খিচুড়ি খাওয়ানো হয়েছে।