ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে গণমিছিল। খুলনার কে ডি ঘোষ সড়কে
ছবি: প্রথম আলো

স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। দেশের উন্নয়নের জোয়ার বইছে, আওয়ামী লীগের এ দাবি সত্য হলে অবাধ নির্বাচনের মাধ্যমে ভোট করতে সরকারের বাধা কোথায় জানতে চান তিনি।

আজ শনিবার বিকেলে খুলনায় কেন্দ্রঘোষিত গণমিছিলের আগে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মঈন খান। সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে এ গণমিছিল কর্মসূচির আয়োজন করে দলটি।

নতুন প্রজন্মের উদ্দেশে মঈন খান বলেন, ‘আপনাদের ইতিহাসের কিছু সত্য জানাতে এখানে এসেছি। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় থাকতে একটি নির্বাচন দিই। এরপর আর একটি নির্বাচন হয়, যার আগে পল্টনে এমন একটি সমাবেশ থেকে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। ক্ষমতাকে তুচ্ছ করে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন।’ এমন আর একটি নজির স্থাপনের জন্য তিনি আজকের সরকারের প্রতি আহ্বান জানান।

এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে একটি তত্ত্বাবধায়ক সরকার এবং স্বাধীন নির্বচন কমিশন গঠন করতে হবে।
মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য

মঈন খান বলেন, ‘দুটি মূল উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম। একটি গণতন্ত্র, অন্যটি অর্থনৈতিক মুক্তি। আজ দেশে অলিখিত একদলীয় শাসন চলছে। ১৭ কোটি মানুষ তাদের সব অধিকার হারিয়েছে। পাকিস্তান আমলে ২০টি পরিবার দেশের সম্পদ লুণ্ঠন করেছিল। আজ ২০০ পরিবার দেশের সব সম্পদ লুটে নিয়ে বিদেশে পাচার করছে, বেগমপাড়া তৈরি করছে। তাহলে ’৭১-এ আমরা কেন যুদ্ধ করেছিলাম?’

‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—আওয়ামী লীগ এ স্লোগান তুলেছিল উল্লেখ করে তাদের এই নীতিতে ফিরে আসার একান্ত অনুরোধ জানান মঈন খান। তিনি বলেন, মানুষকে স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ দিন। এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে একটি তত্ত্বাবধায়ক সরকার এবং স্বাধীন নির্বচন কমিশন গঠন করতে হবে। তিনি খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবার বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করে তাঁদের মুক্তির জোর দাবি জানান।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খান রবিউল ইসলাম। মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম ও জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা মো. তারিকুল ইসলাম, আবু হোসেন, খান জুলফিকার আলী, স ম আবদুর রহমান, সাইফুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম, মোস্তফা উল বারী, আবুল কালাম, মোল্লা মোশারফ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল থানার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কেসিসি মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

বিএনপির কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই কে ডি ঘোষ রোড এলাকার বিএনপি কার্যালয় ও এর সংলগ্ন এলাকা, সোসাইটি মোড়, কেসিসি মার্কেট, ডাকবাংলো, ফেরিঘাট মোড়সহ গুরুত্বপূর্ণ সব মোড় ও পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।