নগর ভবনের সামনে হামলা করে এএসআইয়ের অস্ত্র ছিনতাই

ছিনতাইপ্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে সরকারি পিস্তল নিয়ে গেছে একদল ছিনতাইকারী। আজ সোমবার ভোরে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান প্যাট্রোল ডিউটিতে ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবল মতিউর রহমান ও ফয়সাল হোসেন দায়িত্ব পালন করছিলেন। ভোরের দিকে এএসআই লুৎফর রহমান মোটরসাইকেলে করে মণ্ডলপাড়া নগর ভবনের সামনে গেলে একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁর কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে দুপুর পর্যন্ত খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ভোরে এএসআই লুৎফর রহমানের ওপর হামলা করে তাঁর একটি পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে। অস্ত্রটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।