বই নিতে গিয়ে শিক্ষার্থীরা দেখে, বিদ্যালয় পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আগুনে পুড়ে গেছে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষ
ছবি: প্রথম আলো

নতুন বছরের প্রথম দিন বিদ্যালয়ে নতুন বই দেওয়া হবে। তাই দল বেঁধে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। কিন্তু বিদ্যালয়ের সামনে গিয়ে দেখে, চারটি কক্ষের টিনশেড বিদ্যালয়ের দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে বলে মনে করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অফিসকক্ষের দাপ্তরিক সব নথি, আসবাব, শেখ রাসেল কর্নারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুড়ে গেছে।

অভিরামপুর গ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেক শিক্ষার্থী ওই বিদ্যালয়ে লেখাপড়া করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শান্তনী মুরমু প্রথম আলোকে বলে, ‘সকালে স্কুলে নতুন বই নিতে গেছি। গিয়ে দেখি, স্কুল পুড়ে গেছে। আমি খুব কষ্ট পাইছি। আমার বন্ধুরাও খুব কষ্ট পাইছে।’

প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রোববার সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে জানান, আগুনে বিদ্যালয়ের দুটি কক্ষ পুড়ে গেছে। পরে গিয়ে দেখি, অফিসকক্ষ এবং প্রাক্‌-প্রাথমিক শ্রেণিকক্ষের সব কাগজ ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে পুড়েছে শিক্ষক নিয়োগপত্র, শিক্ষার্থীদের পাসের সনদ, বিদ্যালয় জাতীয়করণের নথি ও বিদ্যালয়ের জমির দলিল।’

কে বা কারা আগুন দিয়েছে, তা বুঝতে পারছেন না জানিয়ে ওবায়দুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে এটা নিয়ে দ্বন্দ্ব চলছে। আদালতে মামলাও হয়েছে। রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। বিষয়টি উপজেলা শিক্ষা দপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) মুঠোফোনে জানানো হয়েছে।’

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াকিল বিদ্যালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন। পরে শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ৫২ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে এনে তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন তিনি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও পরিমল কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘রোববার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে মুঠোফোনে জানিয়েছেন। আমি তাঁকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি।’