চট্টগ্রামে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত মনির উদ্দিন
ছবি : পরিবারের সৌজন্যে

চট্টগ্রামের পতেঙ্গায় লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মনির উদ্দিন (২৪)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গার মুসলিমাবাদ জেলেপাড়া ঘাটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পেশায় মাছ বিক্রেতা মনির উদ্দিনের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা পশ্চিম পাড়ায়। তিনি মৃত বদিউল আলম ও ফরিদা বেগমের ছেলে। তিনি কাটগড় এলাকার পশ্চিম মুসলিমাবাদের জেলেপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

মনির উদ্দিনের বড় ভাই শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, মনির উদ্দিন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাঁকে সজোরে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা ছিলেন চার ভাই এক বোন। দুর্ঘটনার খবর শুনে তাঁর মা বারবার মূর্ছা যাচ্ছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, চালককে আটক করা যায়নি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।