নেত্রকোনা
১৩১টি ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শুরুই হয়নি
কৃষকদের আশঙ্কা, বাঁধে মাটি কাটার কাজ দেরিতে শুরু হলে সঠিক সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হবে না।
নেত্রকোনার বিভিন্ন হাওরের ১৭৭টি ফসল রক্ষা বাঁধের মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত মাত্র ৪৬টির কাজ শুরু হয়েছে। সময় পেরিয়ে গেলেও এখনো ১৩১টি বাঁধের কাজ শুরুই হয়নি।
কৃষকদের আশঙ্কা, বাঁধে মাটি কাটার কাজ দেরিতে শুরু হলে সঠিক সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হবে না। আর আগাম বন্যা হলে হাওরের ফসলহানি ঘটতে পারে।
* ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা। * প্রাক্কলন ও পিআইসি গঠনের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল।
তবে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহানের দাবি, হাওরে এবার পানি দেরিতে নেমেছে। তাই জরিপকাজ শেষ করতে কিছুটা সময় লেগেছে। তবে সঠিক সময়ের মধ্যে ১৭৭টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে এরই মধ্যে ৪৬টিতে কাজ শুরু করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে পর্যায়ক্রমে সব কটি বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে।
পাউবোর নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা। এর আগে প্রাক্কলন ও পিআইসি গঠনের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হতো। একসময় ঠিকাদারের মাধ্যমে হাওরে বাঁধ মেরামত করা হতো। কিন্তু ২০১৭ সালের অকালবন্যায় বাঁধ ভেঙে ফসলহানির পর পাউবোর কিছু অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। পরে ঠিকাদারি বাতিল করে পিআইসি ব্যবস্থা চালু করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পিআইসি কমিটি গঠন করে পাউবো মেরামত করে থাকে। স্থানীয় কৃষকদের নিয়ে কমিটির সদস্য হবেন পাঁচ থেকে সাতজন। এসব কমিটি হাওরের ফসল রক্ষা বাঁধ পুনর্নির্মাণ ও মেরামতের কাজ করবে। প্রতিটি প্রকল্পে কাজের বিপরীতে ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
নেত্রকোনা পাউবো সূত্রে জানা গেছে, জেলায় পাউবোর অধীনে প্রায় ৩৬৫ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ আছে। এসব বাঁধের ওপর স্থানীয় কৃষকদের প্রায় ৫০ হাজার হেক্টর জমির বোরো ফসল নির্ভর করে। বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য গঠিত ১৭৭টি পিআইসির মধ্যে খালিয়াজুরিতে ৯৮টির মধ্যে ১৮টি, মদনে ১৬টির মধ্যে ৮টি, কলমাকান্দায় ২৫টির মধ্যে ৭টি, বারহাট্টায় ১০টির মধ্যে ৩টি, মোহনগঞ্জে ২২টির মধ্যে ১০টির কাজ শুরু হয়। পূর্বধলায় ৪টি, আটপাড়ায় ২টিসহ ১৩১টির কাজ এখনো শুরু হয়নি। সময়মতো কাজ শুরু না হলে ২০১৭ সালের মতো অকালবন্যা হলে ফসলহানি ঘটতে পারে বলে স্থানীয় কৃষকেরা আশঙ্কা করছেন।
খালিয়াজুরির পুরানহাটি গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, খালিয়াজুরি, মোহনগঞ্জ ও মদন উপজেলা মূলত হাওর এলাকা। জেলায় ছোট-বড় মোট ১৩৪টি হাওরের মধ্যে খালিয়াজুরিতে ৮৯টি হাওর।
জেলা কৃষক সমিতির সভাপতি খন্দকার আনিছুর রহমান বলেন, সব কটি বাঁধের কাজ দ্রুত শুরু করে দেওয়া প্রয়োজন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে, কোনো দুর্নীতিবাজ যেন কমিটিতে ঢুকতে না পারে। কারণ, কৃষকদের নাম দিয়ে প্রভাবশালীরা পিআইসি কমিটির কাজ যেনতেনভাবে করে থাকেন। ফলে বাঁধ শক্তিশালী হয় না। অপ্রয়োজনীয় কোনো প্রকল্প যেন না নেওয়া হয়, সেটাও নজর রাখতে হবে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বাঁধ নির্মাণ ও সংস্কারে প্রথম পর্যায়ে ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।