বস্তা থেকে বেরিয়ে ছিল নিখোঁজ শিশুর নিথর পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

ডোবার পাশে ফেলে রাখা ছিল এক‌টি সাদা বস্তা। বস্তাটি থেকে বেরিয়ে ছিল ছোট্ট এক জোড়া নিথর পা। নিথর পাগুলো দেখে পু‌লিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে উপ‌স্থিত হয়ে পাঁচ দিন আগে নিখোঁজ শিশু শাম্মী আক্তারের (৭) লাশ উদ্ধার করে পু‌লিশ।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের জ‌কিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের ডোবার পাশ থেকে শিশুটির বস্তাব‌ন্দী লাশ উদ্ধার করা হয়।

শাম্মী আক্তার জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে এবং ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির বাবা আজমল হোসেন জ‌কিগঞ্জ থানা–পু‌লিশের বাবু‌র্চির কাজ করেন। তিনি পরিবার নিয়ে জ‌কিগঞ্জের পীরেরচক গ্রামে ভাড়া বাসায় থাকে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাম্মী আক্তার গত রোববার বিকেলের পর নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা জ‌কিগঞ্জ থানায় সাধারণ ডায়ে‌রি (জিডি) করে‌ছিলেন। পরে শিশুর সন্ধান করতে এলাকায় মাইকিংও করা হয়ে‌ছিল।

শুক্রবার সন্ধ্যায় কেছরী গ্রামের একটি ডোবার পাশে এক‌টি সাদা বস্তা দেখতে পান স্থানীয় লোকজন। ওই বস্তা থেকে ছোট্ট এক জোড়া নিথর পা বেরিয়ে ছিল। এটি দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে আজমল হোসেনকে নিয়ে গিয়ে লাশটি শনাক্ত ও উদ্ধার করে পুলিশ।

জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন‌্য সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু‌টিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জ‌ড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।