অর্ধেক দামে গরুর মাংসসহ ঈদপণ্য পেয়ে খুশি ৫৫৭ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে অর্ধেক দামে গরুর মাংসসহ বিভিন্ন পন্য বিক্রি করেছে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার যশোর শহরের খড়কি এলাকায়
ছবি: প্রথম আলো

৭৫০ টাকা কেজি গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব সামেত্তা বানুর। এ জন্য প্রায় এক বছর গরুর মাংস কিনে খেতে পারেননি দরিদ্র এই নারী।

আজ মঙ্গলবার আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থা নামের একটি প্রতিষ্ঠান থেকে ২৯০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে খুশি এই নারী।

সামেত্তা বানুর মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ৫৫৭টি পরিবার আজ বাজারের তুলনায় অর্ধেকের দামে এক কেজি করে গরুর মাংসসহ ৮০ টাকা কেজি দরে পোলাওর চাল, ১২০ টাকা লিটার দরে সয়াবিন তেল ও ৪৫ টাকা কেজি দরে চিনি কিনেছেন।

শহরের খড়কি এলাকায় সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের কাছ থেকে এসব পণ্য কেনেন তাঁরা। এ সময় পণ্যগুলোর সঙ্গে উপহার হিসেবে পেয়েছেন সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়া দুধ ও মাংস রান্নার মসলা।

সামেত্তা বানু বলেন, ‘গত বছর মেয়ের বাড়িতে গিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাইলাম। মাঝেমধ্যি পোলট্রি মুরগির গোশত খালিও গরুর গোশত খাতি পারিনি। ২৯০ টাকায় এক কেজি গরুর গোশত পাইয়ে আমরা খুব খুশি হইচি।’

‘মধ্যবিত্তের ঈদবাজার’ নাম দিয়ে এভাবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের পাশে দাঁড়িয়েছে আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থা। ‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’—এই স্লোগানে এ বাজার থেকে আজ ১ হাজার ২৭০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ৫৩৫ টাকায় কেনার সুযোগ পেয়েছে পরিবারগুলো।

এ ছাড়া এসব পরিবার এখান থেকে রমজান মাসজুড়ে সপ্তাহে এক দিন করে মোট চার সপ্তাহ বাজারের অর্ধেক দামে বিভিন্ন নিত্যপণ্য কেনার সুযোগ পেয়েছে। মাসব্যাপী বাজারের আজ ছিল সমাপনী দিন।

সংস্থার প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক প্রথম আলোকে বলেন, নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে একটু স্বস্তি দিতে এ আয়োজন।

আজ দুপুরে সংস্থার প্রাঙ্গণে বসা এই বাজার দেখতে আসেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘এটি একটি মহতী উদ্যোগ। মাসব্যাপী ভিন্নধর্মী এই বাজার রীতিমতো সাড়া ফেলেছে। রমজান মাসে অন্য দেশে পণ্যের দাম কমলেও আমাদের দেশে বাড়ে। এই বাজারের উদ্যোগ সেই সব ব্যবসায়ীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’