গাজীপুরে প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৫)। তিনি বৈদ্যুতিক কাজের ঠিকাদার ছিলেন। আহত ভ্যানচালকের নাম বাবুল মিয়া (৪৫)। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, আজ বেলা ২টার দিকে সিরাজুল ইসলাম গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পিভিসি পাইপ নিয়ে ভ্যানে করে মাস্টারবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভ্যানটি মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ভ্যানচালক বাবুল ও যাত্রী সিরাজুল ইসলাম রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে প্রাইভেট কারটি তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন এবং বাবুল মিয়া গুরুতর আহত হন।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন।