ঝিনাইদহে ধান পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী–স্ত্রীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যুর ঘটনায় তাঁদের বাড়িতে ভিড় করেন স্বজনেরা। আজ সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামেছবি: প্রথম আলো

নিজ বাড়িতে ফ্যানের বাতাসে ধান পরিষ্কার করছিলেন গৃহকর্তা। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছটফট করছিলেন। স্বামীকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান স্ত্রী। একপর্যায়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলে মারা যান এই দম্পতি।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে। এই দম্পতি হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর রহমান খাঁ (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্থানীয় একাধিক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যানের বাতাসে বোরো ধান পরিষ্কার করছিলেন মজিবর রহমান খাঁ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুতের সংস্পর্শে আসেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

প্রতিবেশী আজিবর রহমান বিশ্বাস বলেন, সকালে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে তাঁরা দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই মারা গেছেন।

স্বজনেরা বলেন, দম্পতির বড় ছেলে বকুল হোসেন বিজিবিতে চাকরি করেন। তিনি কর্মস্থলে ছিলেন। ছোট ছেলে বিল্লাল হোসেন আলাদা থাকেন। তাঁদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।