অগ্নিদগ্ধ হয়ে মারা গেল ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন
দুই বোন সোনিয়া খাতুন (৮) ও শর্মিলা খাতুন (২)। তারা দুপুরে ঘুমিয়ে ছিল ঘরে। মা ঘরের পাশে রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শোবার ঘরে। এতে ঘুমের মধ্যে আগুনে পুড়ে মারা যায় ওই দুই বোন।
আজ বুধবার বেলা তিনটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানা–পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিলেন। এ সময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তেই তা শোবার ঘরসহ আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। শোবার ঘরে দুখু মিয়ার দুই মেয়ে সোনিয়া ও শর্মিলা ঘুমিয়ে ছিল। আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব না হলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ভেড়ামার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয় এবং আগুনে পুড়ে মারা যায় ওই দুই শিশু। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর উপজেলায় কোনো ফায়ার সার্ভিস কার্যালয় নেই। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে মিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দল যায়। মিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সবুজ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পান। দ্রুত সেখানে যান। তবে সামান্য আগুন পেয়েছিলেন, যা দ্রুত নিভিয়ে ফেলেন। তবে এর আগে আগুনে কয়েকটি ঘর পুড়ে গেছে। দুই শিশুও মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা দুখু মিয়ার দুই মেয়ে সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণের পর তাদের লাশ উদ্ধার করা হয়।