ছাত্রলীগ নেতাদের ওপর হামলা: মামলায় আসামি যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন সংগঠনটির বিলুপ্ত কমিটির নেতা–কর্মীরা। বুধবার বিকেলে মহাসড়কের বেলতলী এলাকায়
ছবি: প্রথম আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান চৌধুরীসহ তিন নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আহত ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন রোহান বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ওই পাঁচ আসামি হলেন কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক রনি মজুমদার ও ২৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য ফয়সাল আহমেদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা বিপ্লব চন্দ্র দাস, ইকবাল খান, কাউছার আহমেদ। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে ছাত্রদল নেতা রনি মজুমদারের স্ত্রী সুমি আক্তারকে (২২) গতকাল সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান চৌধুরী ওরফে হৃদয়, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ ও ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন রোহানকে মারধর করেন বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সালমানপুর এলাকার বাসিন্দা রনি মজুমদার। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা প্রথমে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনের সড়ক অবরোধ করেন। পরে সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। তখন পুলিশ গিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের কাছে অভিযুক্ত রনিসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা।

এরই পরিপ্রেক্ষিতে রনিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। রনির বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পুলিশ তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে।

জানতে চাইলে ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।