বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু হাসপাতালে ভর্তি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশু। সম্প্রতি তোলাছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত শিশু ভর্তি হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টায় তাদের ভর্তি করা হয়।

হাসপাতালে হামের রোগীদের জন্য চালু করা বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে এ নিয়ে মোট ২১ শিশু ভর্তি হয়। তবে সুস্থ হওয়ায় আজ আট শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ১৩ শিশু।

আরও পড়ুন

হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক মো. মনজুর–এ–মুর্শেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের জন্য ৩০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এর আগে ভর্তি হওয়া শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ২০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে, তবে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

গত বুধবার ভোরে পৃথক ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রা নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুরা শুধু বগুড়ার নয়, পাশের জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দাও আছে।

আরও পড়ুন