ভিমরুলের চাকে আগুন দিতে গিয়ে পুড়ে গেল দুটি বাড়ি
ঘরের চালে থাকা ভিমরুলের চাক আগুনে পোড়াতে গিয়ে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আধা পাকা ১০টি ঘর, ঘরে থাকা আসবাব ও ফসল পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় তাঁদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লালপুরের ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে গৌরীপুর গ্রামের জাহাঙ্গীর আলম তাঁর ঘরের বারান্দার চালে থাকা ভিমরুলের চাকে আগুন দেন। এ সময় চাকের পাশাপাশি চালেও আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন বৈদ্যুতিক তারে ছড়িয়ে যায়। এতে আগুন জাহাঙ্গীরের বাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন প্রতিবেশী মজিবর রহমানের বাড়িতেও ছড়িয়ে পড়ে।
এ সময় দুই বাড়ির লোকজন কোনোরকমে বের হয়ে এলেও ১০টি ঘর, ঘরে থাকা রেফ্রিজারেটর, টেলিভিশনসহ আসবাব, ঘরে মজুত করে রাখা কাঁচা বাদাম ও ধান-চাল পুড়ে যায়।
খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। লালপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ভিমরুলের চাক পোড়াতে গিয়ে পুরো বাড়িতে আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। তবে ভুক্তভোগীরা দাবি করছেন, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজেই আগুন দিয়ে ভিমরুলের চাক পোড়াচ্ছিলাম। কিন্তু আগুন হঠাৎ করে চালের কাঠে ধরে যায়। পরে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আমার নগদ টাকা, কাঁচা বাদামসহ সবকিছু পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব।’