শামসুজ্জামানের মুক্তি দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠনের
প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠন। তারা অনতিবিলম্বে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। গতকাল বুধবার সংগঠন তিনটির পৃথক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতি দেওয়া তিন সংগঠন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন হওয়ার কথা রয়েছে।
রাবিসাসের সভাপতি তৌসিফ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আবদুস সবুর বিবৃতিতে বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি, মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। নেতারা শামসুজ্জামানের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ বিবৃতিতে উল্লেখ করেছেন, কয়েক দিন পরপরই সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের খবর পাওয়া যায়। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের মধ্যেই সাংবাদিকদের ওপর হামলা করেছিল পুলিশ। শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটি মানুষের লেখার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করার পাঁয়তারা ছাড়া কিছুই নয়। তাঁকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন করা হবে।
রাবি প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম বিবৃতিতে বলেন, বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার বাক্স্বাধীনতাকে চূড়ান্তভাবে হরণ করছে। সরকারের এমন কর্মকাণ্ডের ফলে সাংবাদিকতার মতো পেশাও আজ হুমকির মুখে। একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত ন্যক্কারজনক, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। বিবৃতিতে তাঁরা অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দেওয়ার দাবি জানান।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি এবং প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মধ্যরাতে মামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের তিন সংগঠনের সাংবাদিকেরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তৌসিফ কাইয়ুম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা চান, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করা হোক।