স্রোতে ভেসে যাচ্ছিল দুই সন্তান, নদীতে ঝাঁপিয়ে পড়ে একজনকে বাঁচাতে পারলেন মা
বরিশালের উজিরপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে নিখোঁজ হয় সে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া কিশোরীর নাম নিশাত তাসমিন ওরফে তানহা (১৬)। সে ভবানীপুর গ্রামের মো. নাসিম মোল্লা ও তানিয়া বেগমের মেয়ে। নিশাত এবার ঢাকা মতিঝিল আইডিয়াল কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির কাছের নদীতে গোসল করতে নামে নিশাত ও তার ভাই তাজহান হাসান নিবিড় মোল্লা (১২)। পানির প্রবল স্রোত দুই সন্তানকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দেখে নদীতে লাফ দেন তাদের মা তানিয়া বেগম। এ সময় মা প্রাণপণ চেষ্টা করে ছেলেকে উদ্ধার করে ওপরে ওঠাতে পারলেও মেয়ে নিশাত স্রোতে ভেসে যায়। স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই ওই কিশোরী স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
কাঁদতে কাঁদতে মা তানিয়া বেগম বলেন, ‘আমি এতই হতভাগা যে আমার চোখের সামনে মেয়েটি ভেসে গেল, কিছুই করতে পারলাম না।’
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কলিমুল্লাহ বলেন, উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁরা অভিযান পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর আজ দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া এলাকার সন্ধ্যা নদীতে কিশোরীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবার গিয়ে লাশটি শনাক্ত করে।