অধ্যক্ষের পদ নিয়ে টানাটানি

সংবাদ সম্মেলন শেষে অন্য শিক্ষকেরা হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ফুল দিয়ে বরণ করেন নেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষের পদ নিয়ে জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘনের অভিযোগে সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর মোল্লা সংবাদ সম্মেলন করেন। গতকাল শহীদ স্মৃতি সরকারি কলেজের মিলনায়তনে।
প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষের পদ নিয়ে দুই শিক্ষকের মধ্যে জটিলতা দেখা দিয়েছে। বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ওয়াহিদ সারোয়ারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে যান। তবে বিষয়টি জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন—এমন অভিযোগ এনে গতকাল বুধবার কলেজের মিলনায়তনে সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর মোল্লা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে অন্য শিক্ষকেরা হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ফুল দিয়ে বরণ করেন নেন।

হুমায়ুন কবীর মোল্লা কলেজের পরিসংখ্যা বিভাগের সহকারী অধ্যাপক।

২০২২ সালের ২৫ জানুয়ারি সদ্য সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব অর্পণের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে জ্যেষ্ঠতম শিক্ষক নির্বাচনের লক্ষ্যে শিক্ষকের নাম, ইনডেক্স নম্বর, বিষয়, জন্মতারিখ ও এমপিওভুক্তির তারিখ উল্লেখ করে নির্ধারিত ছকে মাউশিতে আবেদনের কথা উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহকারী অধ্যাপক হুমায়ুন কবির মোল্লা বলেন, গত মঙ্গলবার কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু জামালের ৬০ বছর বয়স পূর্ণ হয়। নিয়ম অনুযায়ী শেষ কর্মদিবসে উপস্থিত থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২২ সালের ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন ও বিধি মোতাবেক কলেজের জ্যেষ্ঠ শিক্ষকের নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জামাল গত মঙ্গলবার কলেজে অনুপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তরের কালক্ষেপণ করেন। জ্যেষ্ঠ শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তরের সরকারি বিধি হওয়ায় এবং প্রশাসনিক পদ শূন্য থাকতে পারে না বিধায় আমি তাতে সম্মতি প্রকাশ করি। কিন্তু তিনি আমার কাছে দায়িত্ব হস্তান্তর না করে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আরেকজন শিক্ষকের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে গেছেন, যা বৈধ নয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের আখাউড়া উপজেলা চত্বরে আগমন উপলক্ষে শিক্ষকেরা সভা করার কথা বললেও বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনো সভা করেননি। কয়েকজন প্রতিবাদ করলে আবু জামাল তিনজনের নামে মিথ্যা মামলা করেন।

তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপর উপস্থিত ১৪ জন শিক্ষক সহকারী অধ্যাপক হুমায়ুন কবির মোল্লা জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণে সমর্থন দেন। এ সময় ১৪ জন শিক্ষক তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন।

কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু জামাল প্রথম আলোকে বলেন, ‘আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে হুমায়ুন কবীর মোল্লা ও ওয়াহিদ সারোয়ারসহ তিনজন জ্যেষ্ঠ শিক্ষকের নামের তালিকা পাঠিয়েছিলাম। প্রথমজন হুমায়ুন কবীর মোল্লার নামে আদালতে মামলা থাকায় প্রথমে মাউশি ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেই দ্বিতীয়জনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে। কারণ, সরকারের নির্দেশনা অনুসারে ইউএনও কলেজের আয়ন-ব্যয়ন কর্মকর্তা। আর আমরা ইউএনওকে কলেজের সভাপতি হিসেবেই মূল্যায়ন করি।’

ইউএনও অংগ্যজাই মারমা বলেন, ‘সদ্য বিদায়ী সাবেক অধ্যক্ষ মাউশির কাছে ওয়াহিদ সারোয়ারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি তিনি আমাকে দেখিয়েছেন। আমি তখন সাবেক অধ্যক্ষকে বিধি মোতাবেক জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে হুমায়ুন কবীরের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের কথা বলেছি। তবে এখন মাউশি থেকে আদেশ না আসা পর্যন্ত হুমায়ুন কবীর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়া সহকারী অধ্যাপক ওয়াহিদ সারোয়ার বলেন, ‘আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করব।’