বিআরটিসির বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়কে কাল থেকে পরিবহন ধর্মঘট
সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলার প্রতিবাদে কাল সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে। গতকাল শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলীতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে চারটির বেশি বিআরটিসি বাস চলাচল না করা, প্রতিটি বাস আসা-যাওয়া বাবদ একটি করে মোট চারটি ট্রিপ দেওয়ার জন্য তাঁরা দাবি জানিয়ে আসছিলেন। দাবির পক্ষে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন। কিন্তু দাবির প্রতি কোনো তোয়াক্কা না করে কয়েক দিন ধরে বিআরটিসি বাস যত্রতত্রভাবে চলছে। রোববারের (আজ) মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট চলবে। এরপরও সমস্যা সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মুহিম, সহসাধারণ সম্পাদক মবু মিয়া ও কোষাধ্যক্ষ আবদুস শহীদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, দপ্তর সম্পাদক আবদুর রকিব প্রমুখ।