গোপালগঞ্জে এমপির হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতা–কর্মী
গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ নেতা–কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা বিএনপিতে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন নিজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবর।
অনুষ্ঠানে সংসদ সদস্যের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন মোল্লা এবং নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম শেখ। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি ছানোয়ার হোসেন মোল্লার।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল কবির দাড়া, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।
বিএনপিতে যোগদানকারী নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ছানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রথমবার ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে বিভিন্ন চাপ ও প্রভাবের মাধ্যমে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হয়। দ্বিতীয়বারও নানা কৌশল ও অনিয়মের মাধ্যমে আমাকে বঞ্চিত করা হয়েছে। তৎকালীন সময়ে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ নেতা–কর্মীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। অথচ বর্তমান গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য কে এম বাবর ভাই অত্যন্ত সহজ-সরল ও জনবান্ধব মানুষ। তাঁকে ডাকলেই পাওয়া যায়, তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁর নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।’
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল নিজড়া ইউনিয়নের ছানোয়ার হোসেনের নেতৃত্বে ১ হাজার ২০০ নেতা-কর্মী ও সমর্থক একযোগে বিএনপিতে যোগদান করেছেন। যোগদান করার পর তাঁদের পক্ষ থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।