হবিগঞ্জে বজ্রপাতে ৩ উপজেলায় ৩ জনের মৃত্যু, আহত ৩

বজ্রপাতপ্রতীকী ছবি

হবিগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশেই কাজ করছিলেন রাহেলা বেগম (৪৫)। হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আলতাফ আলীর স্ত্রী।

অন্যদিকে চুনারুঘাট পৌর এলাকার হাতুণ্ডা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে রিংকু দেবনাথ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভাগনে পীযূষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। বিকেলে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্বজনেরা তাঁদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পীযূষ দেবনাথ বর্তমানে চিকিৎসাধীন।

একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার কিশোর–তরুণ আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুজন মিয়া (১৬) নামের এক কিশোরকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের জয়দর আলীর ছেলে। আহত সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।