সীতাকুণ্ডে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাভার্ড ভ্যানটির চালক ও সহকারী গুরুতর আহত হন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় জেএম ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুটি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলিন্ডারটির বিস্ফোরণের কারণে সেখানে থাকা দুটি কাভার্ড ভ্যান, গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে পড়ে। দুর্ঘটনার শিকার গাড়িটিরও সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খুলে পড়ে সিলিন্ডারটি।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের সিলিন্ডারটি রিটেস্টিং করা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় চালক ও সহকারী আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।