বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনের দায়িত্ব দিলে সরে দাঁড়ানোর ঘোষণা তিন চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের দুই দিন আগে তিন চেয়ারম্যান প্রার্থী বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনের দায়িত্ব দিলে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁরা বলেন, সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, প্রার্থীর স্বজন, অধীনস্থ ব্যক্তিদের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব না দেওয়ার জন্য তাঁরা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। এরপরও যদি তাঁদের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব, সজল কুমার হালদার ও মসিউর রহমান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন। দলের নেতা-কর্মীরা বলেন, বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। আনারস প্রতীকের প্রার্থী মোসারেফ হোসেন খানকে সমর্থন দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ। তাঁর (মোসারেফ) পক্ষে সংসদ সদস্যের ছেলে রায়হান সাকিব প্রচারণা চালাচ্ছেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক সমর্থন দিয়েছেন ঘোড়া প্রতীকের আবদুল মোতালেব হাওলাদারকে। বাকি দুই প্রার্থী হলেন কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সজল হালদার (দোয়াত-কলম) এবং বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা খ ম মসিউর রহমান (কাপ-পিরিচ)।

রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্য। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের কাউকে যেন নির্বাচনের দায়িত্ব দেওয়া না হয়। এ ছাড়া কোনো প্রার্থীর স্বজন ও দলীয় পদধারী কাউকে যেন নির্বাচনের কোনো দায়িত্ব না পান।

চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে প্রিসাইডিং কর্মকর্তারা। তাঁরা যদি কোনো পক্ষের হন, তাহলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকে না। এ কারণে নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন, তাঁদের নির্বাচনে দায়িত্ব না দেওয়ার জন্য। এরপরও দেখলেন, তাঁদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি তাঁদের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

আরও পড়ুন

মসিউর রহমান বলেন, স্থানীয় সংসদ মোসারেফ হোসেন খানকে সমর্থন দিয়েছেন। তাঁর ছেলে রায়হান সাকিব ও তাঁর পরিবারের অন্য সদস্যদের দিয়ে মোসারেফ হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সংসদ সদস্য এলাকায় আছেন। আর তিনি ভোটারদের কাছে মুঠোফোনে ভোট চাচ্ছেন। এ ছাড়া আওয়ামী লীগের পদধারী স্কুল ও কলেজের শিক্ষকদের প্রচারণায় নামিয়ে দিয়েছেন। তাঁদের নির্বাচনের দায়িত্ব দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।

আরেক প্রার্থী সজল হালদার বলেন, স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ ও চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্য ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা তাঁর (মোসারেফ) পক্ষে কাজ করবেন, এটা যে কোনো ব্যক্তিই বুঝবেন। তিনি নিজেও একটি কলেজের শিক্ষক। ওই কলেজের কোনো শিক্ষককেও দায়িত্ব না দেওয়া হয়।

আরও পড়ুন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খান কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া কামিল মাদ্রাসা, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ ছাড়া কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সদস্য ও মোহসেন উদ্দীন নূরিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। নির্বাচনে অনিয়ম করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করার জন্য যেকোনো সময় যেকোনো ব্যবস্থা নেওয়া হবে।