গাছ বিক্রির জেরে ছুরিকাঘাতে ভাইকে হত্যার অভিযোগ, সৎভাই ও মা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় সৎভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দেয়ানীপাড়া গ্রামে একটি কাঁঠালগাছ কেটে বিক্রির জেরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আফিক (৩৫)। তিনি দেয়ানীপাড়া গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। আফিককে হত্যার অভিযোগে সৎভাই মো. মনজিল (২২) ও তাঁর মা মনজুরা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আফিক একা থাকতেন। তাঁর মা হাওয়া বেগম ছোট থাকতেই মারা যান। এরপর তাঁর বাবা মনজুরা বেগমকে বিয়ে করেন। আফিক অন্যের জমিতে ছোট একটি ঘর তুলে থাকতেন। আর বাবার বাড়িতে সৎভাই ও মা থাকতেন। সম্প্রতি তাঁরা ঢাকায় চলে যান। এর মধ্যে আফিক বাড়ির একটি কাঁঠালগাছ বিক্রি করেন। এ খবর পেয়ে গতকাল রোববার সন্ধ্যার দিকে ঢাকা থেকে মনজিল ও তাঁর মা বাড়িতে আসেন। আজ দুপুর ১২টার দিকে বাড়ির সামনের গাছ বিক্রি নিয়ে মনজিল ও আফিকের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন আফিককে ছুরিকাঘাত করেন মনজিল। এতে ঘটনাস্থলেই আফিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মনজিল ও তাঁর মা মনজুরা বেগমকে আটক করে। বেলা ১টার দিকে পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, একটি কাঁঠালগাছ বিক্রিকে কেন্দ্র করে ওই হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ছুরি হাতে ঘাতক দাঁড়িয়ে ছিলেন। ওই ব্যক্তি ও তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।