মুন্সিগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদক মামলার এক আসামি পুলিশ দেখে খালের পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চাষিবালিগাঁও এলাকার তালতলা-গৌরগঞ্জ খালে (পদ্মার শাখা নদী) ঝাঁপ দেন ওই ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তাঁর সন্ধান চালাচ্ছে। তবে আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির নাম আবদুল কুদ্দুস সরদার (৪৫)। তিনি বালিগাঁও গ্রামের আবদুস ছাত্তার সরদারের ছেলে। পুলিশ বলছে, কুদ্দুসের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় চুরি ও মাদক ব্যবসার অভিযোগে ১৫টি মামলা আছে। মাদক বিক্রির পাশাপাশি কুদ্দুস তাঁর বাড়িতে জুয়ার আসরও বসান। তিনি একাধিকবার কারাগারে গেছেন। জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা করেন।
নিখোঁজ কুদ্দুস সরদারের জামাতা আবদুল আজিজ বলেন, ‘পুলিশ কী কারণে আমার শ্বশুরকে ধাওয়া করেছে, তা আমাদের জানা নেই। তবে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ার পর পুলিশ তাঁকে উদ্ধারের কোনো চেষ্টা করেনি। আমাদের পরিবারকেও বিষয়টি জানায়নি। আমরা তাঁর খোঁজ না পেয়ে এলাকাবাসীর কাছে জানতে পেরে রাতে ৯৯৯ নম্বরে ফোন দিই। সকাল পৌনে আটটার দিকে ডুবুরি দল এসে তাঁর সন্ধান করছে।’
আজ সকাল থেকে চারজন ডুবুরি পর্যায়ক্রমে নদীতে নেমে ওই ব্যক্তির খোঁজ করে যাচ্ছেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান অভিযোগ অস্বীকার করে আজ দুপুরে প্রথম আলোকে বলেন, পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে গিয়েছিল। তখন কুদ্দুস পুলিশকে দেখে দৌড় দেন। পুলিশ তাঁকে থামানোর চেষ্টা করে। কুদ্দুস তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেন। তখনো পুলিশ তাঁকে ওপরে উঠে আসতে বলেছিল। তিনি পানিতে থেকে পুলিশকে বকাবকি করে অন্য পাড়ের দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। এর পর থেকে তিনি নিখোঁজ। এমনও হতে পারে, কুদ্দুস সাঁতরে অন্য কোথাও গিয়ে আত্মগোপনে থাকতে পারেন।
ঢাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দলের নেতা আবুল খায়ের আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সকাল থেকে চারজন ডুবুরি পর্যায়ক্রমে নদীতে নেমে ওই ব্যক্তির খোঁজ করে যাচ্ছেন। ঘটনাস্থলের এক-দেড় কিলোমিটার আশপাশের অংশে খোঁজ করা হচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার আগে পুলিশের একটি দল চাষিবালিগাঁও এলাকায় অভিযানে আসে। কুদ্দুস সরদার ও তাঁর এক সঙ্গী সেখানে ছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কুদ্দুস ও তাঁর সঙ্গী দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁদের পিছু নেয়। কুদ্দুস পুলিশের ধাওয়া খেয়ে তালতলা-গৌরগঞ্জ খালের পাড়ে চলে আসেন। পুলিশের হাতে ধরা পড়া থেকে বাঁচতে খালের পানিতে ঝাঁপ দেন। খালে ঘূর্ণি স্রোত ছিল। একপাশ থেকে অন্যপাশে সাঁতরে ওঠার সময় তিনি পানিতে তলিয়ে যান।