কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

এখন একজন ক্রেতাকে প্রতি লিটার ডিজেল-কেরোসিন ১১৪ টাকায়, অকটেন ১৩৫ টাকায় এবং পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

  • জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি, পরিবহন, উৎপাদনসহ সব খাতেই প্রভাব পড়বে।

  • মূল ভুক্তভোগী হবে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বিশেষ করে কৃষি খাত থমকে দাঁড়াবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

সিরাজুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে বোরো ও আমন মৌসুমে ধান আবাদ করেন। প্রতিবছরই তাঁর লাভ কমছে। হঠাৎ ডিজেলের দাম বাড়ার খবরে আকাশ ভেঙে পড়েছে তাঁর মাথায়। গতকাল রোববার দুপুরে আলাপকালে সিরাজুল বলছিলেন, ‘আমাগো লাভের গুড় পিঁপড়ায় খায়। আমরা শুধু চেয়ে চেয়ে দেখি।’

বরিশালের উজিরপুরের ধামুরা এলাকায় সিরাজুল ইসলামের বাড়ি। কেন এমন আক্ষেপ জানতে চাইলে সিরাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আট একর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল, ৫৮৪ মণ ধান পেয়েছেন। বেশি দামের আশায় ধান বাড়ির গোলায় সংরক্ষণ করেছেন। বর্তমানে বাজারে প্রতি মণ ধানের দাম ৯০০ টাকা। এই দামে বিক্রি করলে লাভ তেমন হবে না। সিরাজুল বলেন, ‘বাজারে চালের দাম তো কমেনি, বাড়ছে। কিন্তু ধানের দাম কেন পায় না কৃষক, এই জবাব কার কাছে চাইব?’

বোরো নিয়ে এই দুশ্চিন্তার মধ্যেই চলতি আমন মৌসুমে সাড়ে তিন একর জমিতে আমন আবাদের প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যেই বেড়েছে সারের দাম, তারপর ডিজেলের দাম। এর ফলে সিরাজুলের টিকে থাকার সংগ্রাম আরও দুঃসাধ্য হয়ে উঠেছে।

ধামুরা এলাকায় কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এই এলাকায় জমি চাষে প্রতি একরে দেড় হাজার টাকা ব্যয় হতো। ডিজেলের দাম বাড়ার পর এক দিনের ব্যবধানে দুই হাজার টাকা হয়েছে। আর বোরোখেতে আগে সেচ দিতে একরে ব্যয় হতো চার হাজার টাকা। এখন ডিজেলের দাম বাড়ায় তা কত বাড়বে, সেটা এখনো নির্ধারিত হয়নি।

তবে ধান চাষের খরচে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় কমবেশি আছে। বাকেরগঞ্জের কৃষ্ণকাঠি গ্রামের কৃষক জালাল গাজী, জাহাঙ্গীর হাওলাদার ও আহমেদ শিকদার বলেন, তাঁদের এলাকায় পাওয়ার টিলার দিয়ে প্রতি একর জমি চাষ করতে আগে ২ হাজার ১০০ টাকা নেওয়া হতো। কিন্তু ডিজেলের দাম বাড়ার পর এখন তা তিন হাজার টাকা লাগছে। বরগুনা জেলার কৃষকেরা জানান, এই এলাকায় প্রতি শতক জমি চাষ দিতে আগে ৮০ টাকা নেওয়া হতো। এখন তা ১০০ টাকা হয়েছে।

গত বছরের নভেম্বরে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ে। এবার নতুন করে ডিজেলের মূল্য ৪২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ইউরিয়া সারে ছয় টাকা ও টিএসপিতে কেজিপ্রতি আট টাকা মূল্যবৃদ্ধির ধকল।

কৃষ্ণকাঠি গ্রামের কৃষক আহমেদ শিকদার (৫৫) বলেন, ‘ডিজেলের দাম যে রহম সরকার বাড়াইছে, হ্যাতে মোগো বাঁচনের তো কোনো পত (পথ) দেহি না। ডিজেলের দাম বাড়ে, সারের দাম বাড়ে। কিন্তু বাজারে গ্যালে ধানের দাম নাই। বাজারসদাইয়ের গায় তো হাত দেওন যায় না। তাইলে কন, কৃষক বাঁচবে ক্যামনে?’

পূর্বঘোষণা ছাড়াই সরকার ৫ আগস্ট মধ্যরাতে দেশে জ্বালানি তেলের মূল্য আরেক দফা বৃদ্ধি করেছে। এখন একজন ক্রেতাকে প্রতি লিটার ডিজেল-কেরোসিন ১১৪ টাকায়, অকটেন ১৩৫ টাকায় এবং পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে। এর আগে গত বছরের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছিল সরকার। তবে সে সময় অকটেন ও পেট্রলের দাম বাড়ানো হয়নি।

সচেতন নাগরিক কমিটির বরিশাল জেলা কমিটির সভাপতি শাহ সাজেদা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি, পরিবহন, উৎপাদন, আমদানি, রপ্তানিসহ সব খাতেই এর প্রভাব হবে মারাত্মক। আর এর মূল ভুক্তভোগী হবে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বিশেষ করে কৃষি খাত থমকে দাঁড়াবে। বিশ্বব্যাপী খাদ্যমন্দার যে পূর্বাভাস রয়েছে, সেদিক বিবেচনা করে প্রান্তিক জ্বালানি হিসেবে ডিজেলের মূল্য আগের মূল্যে নামিয়ে আনা দরকার। আর অন্য জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি সহনীয় করে মূল্য পুনর্নির্ধারণ করা দরকার।