সম্মেলন ছাড়াই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবারও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সভাপতি ও রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল স্বাক্ষরিত চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শাহজাহান ভূঁইয়া বলেন, ২০১৯ সালের ১৬ জুলাই সম্মেলনের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে গোলাম দস্তগীর সভাপতি ও তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। গত ১৬ জুলাই তিন বছরের সেই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেননি। এ অবস্থায় মঙ্গলবার পুরোনো কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার ক্ষেত্রে সম্মেলন হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো বিকল্প প্রার্থী ছিল না। ফলে জেলা কমিটি ও তাঁরা মিলে সম্মেলন ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেন।
পূর্ণাঙ্গ এই কমিটিতে ৯ জন সহসভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক ও ৩৫ জন সদস্য পদ পেয়েছেন। কমিটিতে গোলাম দস্তগীরের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক গোলাম মর্তুজা সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। দলীয় নেতা-কর্মীরা বলেন, এর আগে গোলাম মর্তুজা আওয়ামী লীগের দলীয় কোনো পদে ছিলেন না। তবে তিনি রূপগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত নির্বাচন থেকেই গোলাম দস্তগীরের আসনে গোলাম মর্তুজার মনোনয়ন চাওয়া নিয়ে গুঞ্জন ছিল। আওয়ামী লীগের কমিটিতে আসার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলীয় মনোনয়ন চাওয়ার গুঞ্জনটি আরও জোরালো হলো।
কমিটি বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই কমিটি রূপগঞ্জ আওয়ামী লীগের দায়িত্ব পালন করবে। ফলে কমিটিতে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের স্থান দেওয়া হয়েছে।