নরসিংদীতে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কিশোর নিহত
নরসিংদীর বেলাব উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আরিয়ান ভূঁইয়া (১৬)। সে বেলাব উপজেলার গাংকুলপাড়ার আরিফ ভূঁইয়ার ছেলে। আরিয়ান স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।
নিহতের আরিয়ানের স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে চাচাতো ভাই সোহান ভূঁইয়ার সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল আরিয়ান। সোহান ওই মোটরসাইকেল চালকের আসনে ছিলেন। মোটরসাইকেলটি রাজারবাগ এলাকায় পৌঁছালে বটেশ্বর বাজারগামী ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিয়ান মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে। এ সময় ট্রলিটি আরিয়ানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বেলাব থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান ঘটনাস্থল থেকে নিহত আরিয়ানের লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ বেলাব থানায় নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ট্রলি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রলিটি জব্ধ করেন। তবে তখন ট্রলিচালক কৌশলে পালিয়ে যান।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানা গেছে। তবে ওই ট্রলিচালক রোকন মিয়া দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।