বরগুনায় এসএসসিতে মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া কথামনি ম্যাজিস্ট্রেট হতে চায়
বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বরগুনা জেলায় এবার এসএসসিতে মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছিল কথামনি হালদার। এ সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে চায় সে। কথামনি বলল, ‘পরীক্ষায় ভালো ফল করেছি। এখন স্বপ্ন ম্যাজিস্ট্রেট হব।’
আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বলছিল কথামনি হালদার। সংবর্ধনায় বাবা ও ছোটবোনকে নিয়ে এসেছিল সে।
মেয়ে আফিয়া উম্মে সালমাকে নিয়ে সংবর্ধনায় আসতে অবশ্য কষ্ট করতে হয়েছে মা খাজিদা বিনতে তাহিরাকে। তাঁদের বাড়ি পিরোজপুর জেলার সীমান্ত লাগোয়া। ভোরের আলো ফুটতেই বাড়ি থেকে মেয়েকে নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন খাদিজা। তিন ধরনের বাহন পরিবর্তন করে সকাল আটটায় পৌঁছে যান অনুষ্ঠানস্থলে। খাদিজা বললেন, ভবিষ্যতে যাতে আরও সফলতা পেতে অনুপ্রাণিত হয়, সে জন্য মেয়েকে নিয়ে এসেছেন।
আফিয়া এ বছর বামনা উপজেলা আসমাতুল নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে। সংবর্ধনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আফিয়া বলল, ‘এত দিন অপেক্ষায় ছিলাম। এখানে আসতে পেরে ভালো লাগছে। অনেক সহপাঠীর সঙ্গে দেখা হচ্ছে।’
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
এ সংবর্ধনার বরগুনা পর্বের মূল অনুষ্ঠান সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম বলেন, ‘যারা জিপিএ–৫ পেয়েছ, তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছ। এটা তোমাদের জীবনের মাইলফলক। তোমরা উপকূলের সন্তান হতে পারো, কিন্তু মেধায় তোমাদের আটকে রাখা যাবে না।’
তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেন অধ্যক্ষ জিয়াউল করিম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে, তোমরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করবে, কিন্তু তোমাদের যেন এআই ব্যবহার করতে না পারে।’
বরগুনা বন্ধুসভার উপদেষ্টা তারিক বীন আনসারী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, বেসরকারি সংস্থা ‘জাগো নারী’র নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি।
অনুষ্ঠানের শেষ আয়োজন ছিল তরুণ শিল্পী দিপু রাহান ও তাঁর দলের গান। দিপুর কণ্ঠে যখন ভেসে আসে ‘পাগলা হাওয়ার তরে...’, তখন উচ্ছ্বিসত শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে কণ্ঠ মেলায়। মিলনায়তন ছাপিয়ে বাইরেও ছড়িয়ে পড়ে সুরের মূর্ছনা।