অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাংশা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৪৬)। তিনি পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার বাসিন্দা। আবদুর রাজ্জাক পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।

রাজবাড়ী রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজ্জাক মোটরসাইকেল নিয়ে পাংশা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাজ্জাক মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে ১০ মার্চ সকালে মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়।