পটুয়াখালীর মির্জাগঞ্জ
পায়রার ভাঙনে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার
ভাঙনকবলিত এলাকার মানুষ সংশ্লিষ্ট এলাকায় শক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
আকলিমা বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতীরবর্তী পিঁপড়াখালী গ্রামে। তিন–তিনবার নদীভাঙনের শিকার হয়ে এখন নিঃস্ব। বাড়ি, চাষের জমি বলতে কিছুই অবশিষ্ট নেই তাঁর। ৪ বছর আগে স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে নদী থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে ঝুঁকি নিয়ে অন্যের জমিতে ছাপরা তৈরি করে কোনো রকম বসবাস করছেন ওই নারী। সম্প্রতি পায়রা নদীর ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাময়িক আশ্রয়টুকুও নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দিন পার করছেন তিনি।
আকলিমা বেগমের মতো একই এলাকার জামাল ব্যাপারী, উজ্জ্বল ব্যাপারী, আলমগীর আকনসহ ওই গ্রামের অন্তত ৫০টি পরিবার আতঙ্কে দিন পার করছেন। কেউ কেউ সরিয়ে নিচ্ছেন তাঁদের ঘরবাড়ি। পায়রা নদীর ভাঙনে প্রতিদিন আশ্রয়হীন হয়ে পড়ছেন কেউ না কেউ। ভাঙনকবলিত এলাকার মানুষ সংশ্লিষ্ট এলাকায় শক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
গত মঙ্গলবার সরেজমিনে পায়রা তীরবর্তী পিঁপড়াখালী গ্রামে দেখা যায়, নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য পিঁপড়াখালী বাজারের দোকানঘর, মূল্যবান গাছ কেটে সরিয়ে নিচ্ছেন স্থানীয় লোকজন।
মির্জাগঞ্জ ইউনিয়নের ভাঙনকবলিত পিঁপড়াখালী বাজারের পাশেই আকলিমা বেগমের বসতঘর। সেখানে কথা হয় আকলিমা বেগমের সঙ্গে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এইবার ভাঙলে পোলা-মাইয়া লইয়া কোম্মে যামু আল্লায় জানে।’ আকলিমা জানান, তিন–তিনবার ভাঙনের কবলে পড়ে ভিটা, বাড়ি, ফসলিজমি সবই পায়রায় গেছে। আশ্রয় নেওয়ার মতো নিজেদের কোনো জমি নেই। ভাঙন এলাকায় বেড়িবাঁধের বাইরে একজনের জমিতে কোনো রকম টিন-বাঁশ-পলিথিনের ছাপরা দিয়ে ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হয় কয়েক দিনের মধ্যেই আবার আশ্রয়হীন হয়ে যাবেন। বড় ছেলে সুমন ব্যাপারী (১৪) লেখাপড়া ছেড়ে দিনমজুরের কাজ করে যা আয় করে, তা দিয়ে পুরো পরিবারের খরচ মেটাতে হয়।
এ সময় আরও কথা হয় ভাঙনকবলিত বাবুল ব্যাপারী, জামাল ব্যাপারী, উজ্জ্বল ব্যপারী, সুজন ব্যাপারী, আলতাফ ব্যাপারী, মফেজ হাওলাদার, জসিম হাওলাদার, ফারুক হাওলাদারের সঙ্গে। তাঁরা জানান, পিঁপড়াখালী গ্রামে আগে ১০ হাজার মানুষের বসবাস ছিল। একসময় এই গ্রামে স্কুল, মাদ্রাসা, বাজার সবই ছিল। নদীভাঙনে নিঃস্ব হয়ে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এখন হাতেগোনা কয়েকটি পরিবার এই গ্রামে রয়েছে। যেভাবে ভাঙন চলছে, তাতে অচিরেই গ্রামটি পায়রায় বিলীন হয়ে যাবে।
ওই গ্রামের বাসিন্দা মো. আবদুর রহমান (৬৫) বলেন, ‘জীবনটাই গেলা বাড়ি বানাতে বানাতে। এইটুকু জীবনে চারবার ভাঙনের শিকার হয়েছি। পূর্বপুরুষদের কবরের চিহ্ন পর্যন্ত নেই। বাড়িসহ মাত্র ৮ শতাংশ জমি আছে এটুকু নদীতে চলে গেলে আর যাওয়ার জায়গা থাকবে না। ভাঙন রোধে সরকার শক্ত কোনো পদক্ষেপ না নিলে গ্রামটি রক্ষা করা যাবে না।’
মির্জগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার নাসির বলেন, প্রতিবছরই উপজেলার পায়রা নদীর তীরবর্তী পিঁপড়াখালী, সুন্দ্রা কালিকাপুর, ভিকাখালী গ্রাম পায়রা নদীর ভাঙনের শিকার হয়। এখানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নামমাত্র বেড়িবাঁধ দেয়। আবার বন্যায় তা ভাসিয়ে নিয়ে যায়। টেকসই বেড়িবাঁধ তৈরির জন্য সরকারের কাছে বারবার দাবি করেও কোনো ফল হয়নি। কয়েক বছর আগে মানুষ ঢাকায় গিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেও সরকারের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছেন স্থানীয় লোকজন।
এ ব্যাপারে পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, মির্জাগঞ্জের পায়রা নদীর ভাঙনকবলিত কয়েকটি স্থানে বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সুন্দ্রা কালিকাপুর ৩৪০ মিটার, পিঁপড়াখালী ৩২০ মিটার এবং উত্তর রামপুর গ্রামে ২৫০ মিটারের কাজ চলমান রয়েছে।