সুন্দরবনে অন্তঃসত্ত্বা হরিণ উদ্ধার, ২৭টি ফাঁদ জব্দ
নিয়মিত টহলে গিয়ে শিকারির ফাঁদ থেকে একটি হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। গতকাল সোমবার বন বিভাগের কর্মীরা বনের মধ্যে টহলে গিয়ে একটি হরিণকে ফাঁদে আটকা পড়া অবস্থায় দেখে সেটাকে মুক্ত করেন। এ সময় ২৭টি ফাঁদ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হায়াতখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ বলেন, টহল থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। উদ্ধার করা হরিণটি অন্তঃসত্ত্বা।
পিন্টু বাড়ৈ জানান, কেয়াবুনিয়া খালসংলগ্ন বনাঞ্চলে দিনভর টহলে আরও ২৭টি ‘ছিটকে ফাঁদ’ উদ্ধার করা হয়েছে। তবে শিকারিদের কাউকে পাওয়া যায়নি। এলাকাটি উঁচু হওয়ায় জোয়ারে ডোবে না, ফলে হরিণের দল সেখানে আশ্রয় নেয়। নিয়মিত নজরদারির অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘প্যারালাল লাইন সার্চিং’ পদ্ধতিতে হেঁটে সহকর্মীরা অন্তঃসত্ত্বা হরিণটি উদ্ধার করে সুস্থ অবস্থায় বনে ছাড়তে সক্ষম হয়েছেন। তিনি সবাইকে বন্য প্রাণী শিকার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।