সাপের কামড়ে রাতে মেয়ে ও সকালে মায়ের মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের কামড়ে মা ও সাত মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপে কাটে।
মারা যাওয়া নারীর নাম আয়েশা খাতুন (২৫)। তিনি ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিমের স্ত্রী। মারা যাওয়া তাঁর শিশুসন্তানের নাম নুসরাত জাহান।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত আনুমানিক রাত পৌনে চারটার দিকে আয়েশা খাতুনকে ঘুমের মধ্যে কিছু একটা কামড় দেয়। পোকার কামড় ভেবে সঙ্গে সঙ্গে গুরুত্ব না দিলেও পরে তাঁর মেয়েকেও একই সাপে কামড় দেয়। ভোরে বাড়িতেই মেয়ে মারা যায়। পরে আয়েশা খাতুনকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) তাপস সরকার বলেন, হাসপাতালে মৃত অবস্থায় ওই মাকে আনা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুজ্জামান জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন আয়েশা। এ সময় তাঁদের দুজনকে বিষধর সাপ কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। মাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরও মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে কালচে বিষধর সাপটি বের করে মেরে ফেলেন।