ভুয়া রসিদে ২৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ

মাটি ভরাট, নির্মাণকাজসহ বিভিন্ন খাতে ভুয়া রসিদ তৈরি করে ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মো. আতাউর রহমান বিশ্বাস এ অর্থ আত্মসাৎ করেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা
মানিকগঞ্জ জেলার ম্যাপ

মানিকগঞ্জ সদর উপজেলায় বনপারিল উচ্চবিদ্যালয়ের তহবিল থেকে বিভিন্ন খরচ দেখিয়ে ভুয়া রসিদের মাধ্যমে ২৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১৩টি রসিদের মাধ্যমে মামলার খরচ বাবদ বিদ্যালয়ের তহবিল থেকে ১৮ লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের হিসাব নিরীক্ষণ কমিটিও অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে।

আর্থিক অনিয়মের বিষয়ে বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি এবং হাটিপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মনির হোসেনকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জ্যোতিশ্বর পাল, ইউএনও, মানিকগঞ্জ সদর উপজেলা

ওই বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও নথিপত্র ঘেঁটে জানা গেছে, ২০১০ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন মিয়ার বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে আদালতে মামলা করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন বিশ্বাস। ২০১৪ সালে আসলাম উদ্দিন মিয়াকে অব্যাহতি দেন আদালত। এর আগে ২০১১ সালে আসলাম উদ্দিন মিয়াকে বরখাস্ত করা হয়। ওই বছর বরখাস্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আলাউদ্দিনসহ কমিটির সদস্যদের বিবাদী করে রিট করেন আসলাম উদ্দিন। উচ্চ আদালত আসলাম উদ্দিনকে স্বপদে বহালের জন্য নির্দেশ দেন। এসব  মামলা পরিচালনার খরচ বাবদ ১৮ লক্ষাধিক টাকা খরচ দেখানো হয়েছে।

২০১৬ সালের ৩ অক্টোবর ব্যবস্থাপনা কমিটি মেয়াদোত্তীর্ণ হয়। এরপরও ভুয়া রসিদে অর্থ উত্তোলন করা হয়। এ কারণে চলতি বছরের ১৯ জুলাই বিদ্যালয়ের এক সভায় এডহক কমিটির সভাপতি ও সদরের সাবেক ইউএনও ইকবাল হোসেনের নির্দেশে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. আক্কাস আলীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের হিসাব নিরীক্ষণ কমিটি গঠন করা হয়। ১৮ আগস্ট জমা দেওয়া প্রতিবেদনে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত বিভিন্ন খাতে ভুয়া রসিদে বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ উত্তোলনের সামগ্রিক তথ্য উঠে আসে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন বিশ্বাস অসুস্থ থাকায় তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা যায়নি। মুঠোফোনে কথা হলে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি আতাউর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘কমিটির সদস্যদের সমর্থনে ও বৈধভাবেই সব খরচ করা হয়েছে। আমরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করেছি, শিক্ষক নিয়োগ দিয়েছি।’ মামলা বাবদ ১৮ লক্ষাধিক টাকা খরচের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন মামলা চালাতে ওই টাকা খরচ হয়েছে।

নিরীক্ষণ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৩ নভেম্বর মোস্তাক আহম্মেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার পর ১৩টি রসিদের মাধ্যমে ১৮ লাখ ৬০ হাজার টাকা তোলেন আতাউর রহমান। তিনি কমিটির সভাপতি আলাউদ্দিন বিশ্বাসের ভাই। এসব রসিদের কোনোটিতে কমিটির সভাপতি, রসিদ প্রস্তুতকারক, কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষকের স্বাক্ষর নেই।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের পুকুর ভরাট বাবদ ১৩ লাখ ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। পরে আবারও এ বাবদ ১ লাখ ৮২ হাজার টাকা খরচ দেখানো হয়। এ ছাড়া ইউপির অর্থায়নে বিদ্যালয়ের রাস্তা নির্মাণ করা হলেও বিদ্যালয় তহবিল থেকে এ বাবদ ১ লাখ ৪ হাজার টাকা তুলে নেওয়া হয়। ঠিকাদারের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ ও মেরামত বাবদ চার লাখ টাকা খরচ হয়। পরে ভুয়া রসিদের মাধ্যমে বিদ্যালয়ের তহবিল থেকে অতিরিক্ত আরও ৩ লাখ ৬১ হাজার টাকা উত্তোলন করা হয়।

হিসাব নিরীক্ষণ কমিটির আহ্বায়ক মো. আক্কাস আলী প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত ব্যবস্থাপনা কমিটি না থাকায় এ সময়ে সব লেনদেনই অবৈধ। এ সময়ে ভুয়া রসিদের মাধ্যমে ২৫ লাখের বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন বিশ্বাস ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদের সহযোগিতায় প্রতিষ্ঠাতা সদস্য দাবিদার আতাউর রহমান বিশ্বাস ওই অর্থ তুলে নিয়েছেন।

বর্তমান ইউএনও জ্যোতিশ্বর পাল প্রথম আলোকে বলেন, আর্থিক অনিয়মের বিষয়ে বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি এবং হাটিপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মনির হোসেনকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।