হৃদ্‌রোগে ভেঙে পড়েছিলেন, ফলের বাগানে ফিরে পেলেন জীবনের আনন্দ

নিজের গাছের মাল্টা দেখাচ্ছেন শিক্ষক মো. কাজিম উদ্দিন। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালের ২৭ ডিসেম্বর হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন শিক্ষক মো. কাজিম উদ্দিন (৫৩)। চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত করেন, তিনটিতে স্টেন্ট (রিং) পরাতে হয়। এরপর মৃত্যুভয় তাঁকে গ্রাস করে, ধীরে ধীরে হারিয়ে ফেলেন আত্মবিশ্বাসও। সব সময় মনে হতো, এই বুঝি জীবন শেষ হয়ে এল।

মানসিকভাবে ভেঙে পড়া মানুষটিকে চিকিৎসক বাগান করার পরামর্শ দেন। বাড়ির আঙিনার পতিত জমিতে তিনি লাগান কয়েকটি ফলের গাছ। পরিচর্যা করতে করতে ফিরে আসে মনের শান্তি, ফিরে আসে বেঁচে থাকার শক্তি।

সেই ছোট্ট উদ্যোগ এখন বড় হয়েছে। তাঁর নিজের কেনা ও পৈতৃক সূত্রে পাওয়া মোট পাঁচ একর জমিতে এখন দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাত আছে। গাছের সংখ্যা আড়াই থেকে তিন হাজার। স্থানীয় কৃষি কর্মকর্তাদের ভাষায়, এটি যেন কৃষির ‘জার্মপ্লাজম’, অর্থাৎ গাছের জীবন্ত টিস্যুর ভান্ডার, যা থেকে নতুন উদ্ভিদ জন্মানো যায়।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কাজিম উদ্দিনের বাড়ি। নাম ‘মাস্টারবাড়ি’। তিনি স্থানীয় বাবুগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাগানের নাম দিয়েছেন ‘মাস্টারবাড়ি মিশ্র ফলবাগান’।

গাছে চেরি ফল ধরেছে। গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর গ্রামে
ছবি: প্রথম আলো

অসুস্থতা থেকে বাগানের কাজ শুরু

কাজিম উদ্দিন বলেন, ‘হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর সব সময় নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা হতো। মনে হতো, হয়তো আর বাঁচব না। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আবদুস সাত্তার ভূঁইয়া আমাকে বাগান করার পরামর্শ দেন। বলেন, সহনীয় পর্যায়ে কাজ করলে মন ভালো থাকবে। সত্যি বলতে, গাছের পরিচর্যা করতে গিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর সব সময় নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা হতো। মনে হতো, হয়তো আর বাঁচব না। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আবদুস সাত্তার ভূঁইয়া আমাকে বাগান করার পরামর্শ দেন। সত্যি বলতে, গাছের পরিচর্যা করতে গিয়ে ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।
মো. কাজিম উদ্দিন, শিক্ষক ও উদ্যোক্তা

শুরুতে দুই বিঘা জমিতে মাল্টা চাষ করেন তিনি। ২০২১ সাল থেকে বাণিজ্যিকভাবে ভিয়েতনামের বারোমাসি মাল্টার আবাদ শুরু। এখন বাড়ির আঙিনা ও আশপাশের জমির মধ্যে তিন একরে মাল্টা, এক একরে কলম্বো ও সিডলেস (বীজহীন) লেবু, ১৫ শতকে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল। বাকি জমিতে আছে অন্যান্য ফলগাছ।

এক বাগানে দেশি-বিদেশি ফল

গত বৃহস্পতিবার দুপুরে কাজিমের বাগানে গিয়ে দেখা যায়, পাকা সড়কের পাশে পাহাড়ি লাল মাটির ওপর টিনশেড বাড়ি। এখানেই থাকেন তিনি। চারপাশে ফল ও ফুলের গাছ। কোথাও থোকায় থোকায় ফল, কোথাও বাহারি ফুল বা নতুন পাতার সমারোহ। এক জায়গায় দাঁড়ালেই চোখে পড়ে মাল্টা, লেবু, সফেদা, আখ, চেরি, আম, আঙুর, জাম ও কাঁঠাল।

বাগানে প্রবেশমুখে ফুলগাছে সাজানো ফটক। গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর গ্রামে
ছবি: প্রথম আলো

বাগানে আছে থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, মিষ্টি তেঁতুল, সৌদির খেজুর, রুবি লংগান, অ্যাভোকাডো। আছে মিসরীয় ও পাকিস্তানি আনারস, ফিলিপাইনের লাল ও কালো আখ। আমের মধ্যে মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি, হাঁড়িভাঙাসহ ২০টির বেশি জাত আছে তাঁর বাগানে। আঙুরের জাত ৩০টির বেশি। এসব চারা তিনি সংগ্রহ করেছেন দেশের নানা অঞ্চল থেকে। কোনোটি কিনতে নিজেই ছুটে গেছেন, কোনোটি এসেছে কুরিয়ারে।

নতুন জাতের পাশাপাশি হারিয়ে যেতে বসা ফলের প্রতিও কাজিমের টান আছে। তাঁর বাগানে আছে ‘তানপুরা’ বা ‘দশবেল’ নামের দুর্লভ ফলের দুটি গাছ, যাতে ফলও ধরেছে।

৩০০ মাল্টাগাছ থেকে বছরে আয় চার-পাঁচ লাখ

শখের পাশাপাশি বাণিজ্যিক চাষেও সফল কাজিম উদ্দিন। তাঁর মতে, ভিয়েতনামি বারোমাসি মাল্টার উৎপাদন খরচ কম, বাজারে চাহিদাও আছে। একটি গাছ পরিণত হতে প্রায় চার বছর লাগে। পরিণত গাছে বছরে ১২০ থেকে ১৩০ কেজি ফল মেলে, পাইকারিতে কেজি ৪০ থেকে ৫০ টাকা।

৩০০টি গাছের হিসাব দিয়ে কাজিম প্রথম আলোকে বলেন, জৈব সার ও কীটনাশক-ছত্রাকনাশকে বছরে খরচ ২৫ থেকে ৩০ হাজার টাকা, বিক্রি চার থেকে পাঁচ লাখ টাকার। কাজিমের সাতটি গরু আছে। এর মধ্যে চারটি ষাঁড় ও তিনটি গাভি। তিনি জানান, অধিকাংশ জৈব সার আসে তাঁর গরুর গোবর থেকে। মাল্টাবাগানে আন্তফসল (জমিতে একই সময়ে একাধিক ফসল) হিসেবে পেঁপে, বেগুন ও সিডলেস লেবুও চাষ করা যায়।

গাছে থোকা থোকা আমড়া ঝুলছে। গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর গ্রামে
ছবি: প্রথম আলো

‘মনে হয় গাছটি আমাকে ডাকছে’

কাজিমের কাছে বাগান কেবল আয়ের উৎস নয়, মনের আশ্রয়ও। শিক্ষকতার ফাঁকে সময় পেলেই চলে যান গাছের কাছে। তিনি বলেন, ‘বাগানে ঢুকে কোনো গাছের কাছে গেলে মনে হয়, গাছটি আমাকে ডাকছে। কথা বলতে চাইছে, একটু আদর করতে চাইছে। পাঁচ মিনিট সময় পেলেও কোনো না কোনো গাছের নিচে গিয়ে বসি। এখন গাছ ছাড়া আর কিছু ভাবতেও পারি না।’ এই ভালোবাসা থেকেই অন্যদের গাছ লাগাতে বলেন তিনি। গাছের যত্ন নিলে তার সুফল অবশ্যই পাওয়া যায় বলে তিনি মনে করেন।

এই উদ্যোক্তার আশা, আগামী দুই-তিন বছরে তাঁর গ্রামে মাল্টা চাষ আরও ছড়াবে। শুরুতে তাঁর উদ্যোগ নিয়ে অনেকে হাসাহাসি করলেও এখন আশপাশের কৃষকেরা বাগানে আগ্রহী হচ্ছেন।

গবেষকদেরও আগ্রহ বাগানে

বাগানটি দেখতে আসেন কৃষক, শিক্ষক ও গবেষকেরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এখানে আসেন। সম্প্রতি কৃষির বাজারজাতকরণ নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি দল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি দলও বাগান পরিদর্শনে এসেছিল।

পাতার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে সফেদা। গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ার পাহাড় অনন্তপুর গ্রামে
ছবি: প্রথম আলো

ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, ‘কাজিম উদ্দিন ব্যতিক্রমী কৃষক। শখকে কাজে লাগিয়ে তিনি নানা জাতের ফলগাছের সংগ্রহ গড়েছেন। আমরা তাঁর বাগানে প্রায় ৩৫ ধরনের ফলগাছ দেখেছি। কিছু দেশি জাত এখন মাঠে খুব একটা দেখা যায় না, তিনি সেগুলোও সংরক্ষণ করছেন। ভবিষ্যতে কৃষি গবেষণার জন্য এ ধরনের সংগ্রহশালা গুরুত্বপূর্ণ হতে পারে।’

সুকান্ত ধর জানান, কৃষি বিভাগ বিভিন্ন সময়ে প্রদর্শনী ও নতুন জাতের চারা দিয়ে কাজিমকে সহযোগিতা করেছে। তবে এই উদ্যোগের পেছনে তাঁর নিজের আগ্রহ ও প্রচেষ্টাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।